পটুয়াখালীতে গোরস্তানের জমি নিয়ে বিরোধ, দেশীয় অস্ত্রের হামলায় অন্তত ৫ জন আহত
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের চরজৈনকাঠী ৪ নম্বর ওয়ার্ডে গোরস্তানের জমিকে কেন্দ্র করে বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে ফিরোজ হাওলাদারসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টা ৩০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে।
ভুক্তভোগীর অভিযোগ, গোরস্তানের জমি নিয়ে বিরোধের জেরে তার সৎ ভাই ছরোয়ার, কবির, সান্ত, নাঈম ও হাসিনাসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে ফিরোজ হাওলাদারসহ অন্তত পাঁচজন আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান (মনির) জানান, ভুক্তভোগী থানায় এসেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








