ঢাকা | নভেম্বর ১২, ২০২৬ - ৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা; ২০২৮ সালে মিশিগানে ফোবানা কনভেনশন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 11, 2026 - 5:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

আহমেদ সেবুল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:ম্যাডিসন হাইটস, মিশিগান | ৮ নভেম্বর ২০২৬ — বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের (বাম) ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। গত ৮ নভেম্বর, রবিবার, ম্যাডিসন হাইটসে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সফল নির্বাচন, শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়, ২০২৮ সালে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) কনভেনশন মিশিগানে আয়োজনের স্বত্ব পেয়েছে বাম।

নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ ও মোহাম্মদ আহাদ নির্বাচন-পরবর্তী আনুষ্ঠানিকতা ও শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। তাঁরা নবনির্বাচিত সভাপতি, কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন জাবেদ চৌধুরী, নির্বাহী সহসভাপতি সুমন কবির এবং সাধারণ সম্পাদক লুথফুল বি. নিয়ন। সহসভাপতি হিসেবে রয়েছেন আলী আহমেদ ফারিস, আজহার রহমান ও তারেক জামান। যুগ্ম সাধারণ সম্পাদক লুথফুর রহমান ও দীপু চৌধুরী, কোষাধ্যক্ষ জসিম চৌধুরী, যুগ্ম কোষাধ্যক্ষ সাইফ ইসলাম, সাংগঠনিক ও অফিস সম্পাদক তাহমিদ চৌধুরী, প্রচার ও তথ্য সম্পাদক সায়েম চৌধুরী, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মীর তানভীর, ক্রীড়া ও বিনোদন সম্পাদক লিটন সূত্রধর, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক রসি মীর, যুগ্ম সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক কে. ডি. বাবলু, মহিলা বিষয়ক সম্পাদক সারমিন তানিম এবং যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক তানিমা আলম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ওয়াহিদুজ্জামান আগা, মুস্তাক চৌধুরী, রুহেল আমিন, জাফর ইকবাল মল্লিক, সৈয়দ আসাদুজ্জামান, কামাল পাশা, এ. এন. এম. এস. চৌধুরী, সাইমা জেরিন, তানিয়া আক্তার লিমা, জাকের চৌধুরী, মোহাম্মদ মোহাম্মেন হোসেন ও মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি জাবেদ চৌধুরী, নির্বাহী সহসভাপতি সুমন কবির, সাধারণ সম্পাদক লুথফুল বি. নিয়ন, উপদেষ্টা ও সাবেক সভাপতি মতিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, মোহাম্মদ আহাদ এবং উপদেষ্টা ইকবাল ফয়েজ শপন বক্তব্য রাখেন। বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির ঐক্য, পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ সম্পাদক লুথফুল বি. নিয়ন সফল নির্বাচন পরিচালনা ও নতুন কমিটি গঠনে ভূমিকা রাখার জন্য নির্বাচন কমিশনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ২০২৬–২০২৮ মেয়াদে বামকে আরও শক্তিশালী, গতিশীল, স্বচ্ছ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

ফোবানা ২০২৮ প্রসঙ্গে সভাপতি জাবেদ চৌধুরী বলেন, এটি মিশিগানের বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য অত্যন্ত গর্ব, সম্মান ও সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ অর্জন। তিনি বলেন, “ফোবানা ২০২৮ শুধু একটি সম্মেলন নয়; এটি আমাদের ঐক্য, সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্য এবং সাংগঠনিক সক্ষমতা উত্তর আমেরিকাজুড়ে তুলে ধরার একটি অনন্য সুযোগ। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি সফল, মর্যাদাপূর্ণ ও স্মরণীয় আয়োজন উপহার দিতে চাই।”

তিনি এই বৃহৎ আয়োজন সফল করতে মিশিগানের সর্বস্তরের বাংলাদেশি আমেরিকান কমিউনিটি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পেশাজীবীদের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান এবং দল-মত ও সংগঠননির্বিশেষে সবাইকে বামের পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে নির্বাহী সহসভাপতি সুমন কবির বামের প্রতিষ্ঠা, ইতিহাস, সাংগঠনিক বিকাশ এবং বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। তিনি অতীতের সভাপতি, উপদেষ্টা ও নেতৃবৃন্দের অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সমর্থনের জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে বামকে ম্যাকম্ব কাউন্টির বৃহত্তম কমিউনিটি উৎসবের অন্যতম প্রধান আয়োজক হিসেবে প্রতিষ্ঠিত করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের অবদান তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন বাংলাদেশি আমেরিকান সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়িক পেশাজীবী, সাংবাদিক ও কমিউনিটি অ্যাক্টিভিস্টরা অংশ নেন।

নতুন নেতৃত্বের অগ্রাধিকারের মধ্যে রয়েছে বাংলাদেশি সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষা ও মূল্যবোধ সংরক্ষণ, শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ, তরুণ প্রজন্মের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশ, বাংলাদেশি আমেরিকান পরিবারগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য জোরদার এবং মিশিগানের বিভিন্ন বাংলাদেশি সংগঠনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি। নতুন কমিটি আশা প্রকাশ করেছে, ২০২৬–২০২৮ মেয়াদে সবার সহযোগিতায় বাম আরও গতিশীল সাংগঠনিক ভূমিকা পালন করবে এবং ফোবানা ২০২৮ আয়োজনের মধ্য দিয়ে মিশিগানের বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করবে।