শরীয়তপুরে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
মাহবুবুর রহমান , শরীয়তপুর:
পাঁচ দফা দাবিতে শরীয়তপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন নিকাহ রেজিস্ট্রাররা। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির শরীয়তপুর জেলা শাখা।
সংগঠনটির নেতাদের অভিযোগ, নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন করে নতুন করে এক ইউনিয়নে তিনজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বিদ্যমান পেশাগত কাঠামো ভেঙে পড়ার পাশাপাশি অনেক নিকাহ রেজিস্ট্রারের জীবিকা সংকটে পড়বে। অথচ দেশে অনেক ইউনিয়নে বিয়ে ও তালাক নিবন্ধনের সংখ্যা তুলনামূলক কম। ফলে বর্তমান আয় দিয়ে নিকাহ রেজিস্ট্রারদের পরিবার পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিবাহ ও তালাক নিবন্ধন একটি সংবেদনশীল ধর্মীয় ও সামাজিক বিষয়। এ পেশায় দক্ষ ও অভিজ্ঞ আলেম-ওলামাদের নিয়োগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বর্তমান বাজারদর ও মূল্যস্ফীতির তুলনায় নিবন্ধন ফি কম থাকায় নিকাহ রেজিস্ট্রারদের আর্থিক সংকট বাড়ছে।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বহাল রেখে এক ইউনিয়নে তিনজন কাজি নিয়োগের সিদ্ধান্ত বাতিল; মৃত ও অবসরপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রারদের শূন্য পদে যোগ্য উত্তরাধিকারীদের সরাসরি লাইসেন্স প্রদান; ২০০৯ সালের বিধিমালার ২১ বিধি সংশোধন করে বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি; নিয়োগের ক্ষেত্রে পূর্বের শিক্ষাগত যোগ্যতা বহাল রাখা এবং নতুন বিধিমালা প্রণয়ন কমিটিতে নিকাহ রেজিস্ট্রারদের মধ্য থেকে অন্তত দুজন অভিজ্ঞ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা।
সংগঠনটির নেতারা আরও জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বেকারত্ব দূরীকরণে দেশে প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ নিকাহ রেজিস্ট্রারের পদ শূন্য রয়েছে। এসব পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার দাবিও জানানো হয়েছে।
এদিকে, দাবিগুলো আদায়ে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সংগঠন। বিধিমালা চূড়ান্ত করার আগে নিকাহ রেজিস্ট্রারদের সঙ্গে আলোচনা করে তাঁদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।
কর্মসূচিতে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি হাজী মাওলানা মিজানুর রহমান, সহসভাপতি কাজী সাহা সেকান্দার, সাধারণ সম্পাদক কাজী আবু জাফর মোহাম্মদ সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইলিয়াস ও সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুস সামাদ।








