ঢাকা | নভেম্বর ১৭, ২০২৬ - ৬:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিনেটের নেতৃত্ব নিতে শুমারের বিরুদ্ধে ভ্যান হলেনের চ্যালেঞ্জ: ‘জয়ের পথ খোলা’

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 16, 2026 - 12:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার
প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)ওয়াশিংটন, ১৫ নভেম্বর ২০২৬: যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব নিয়ে নতুন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। বর্তমান ডেমোক্র্যাট নেতা চাক শুমারের (Chuck Schumer) বিরুদ্ধে নেতৃত্বের পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেন (Chris Van Hollen)।

রোববার এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান হলেন দাবি করেন, সিনেটে ডেমোক্র্যাটদের নতুন নেতা হওয়ার জন্য তাঁর সামনে ‘খুবই ভালো সুযোগ’ রয়েছে। তাঁর ভাষায়, শুমারের পক্ষ থেকে তাঁর সমর্থন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং কয়েকজন সিনেটরকে ভয় দেখিয়ে শুমারের পক্ষে রাখার চেষ্টা চলছে।

ভ্যান হলেন জানান, ইতোমধ্যে প্রায় ১৫ জন সিনেটরের সমর্থন পেয়েছেন বলে তিনি মনে করছেন। সামনে আরও সিনেটর তাঁর সঙ্গে যোগ দিতে পারেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে, চাক শুমার জানিয়েছেন, ডেমোক্র্যাটদের নেতৃত্ব ধরে রাখার জন্য প্রয়োজনীয় ভোট তাঁর রয়েছে। ২০১৭ সাল থেকে দলীয় নেতৃত্বে থাকা শুমারের সমর্থকেরা মনে করেন, সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় সাফল্যের পেছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ভ্যান হলেনের মতে, নির্বাচনে মার্কিন ভোটাররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি, যুদ্ধ, দুর্নীতি এবং জীবনযাত্রার উচ্চ ব্যয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তবে এর অর্থ এই নয় যে ডেমোক্র্যাটরা জনগণের পূর্ণ আস্থা অর্জন করতে পেরেছে। মানুষের আস্থা ফিরে পেতে দলকে নতুন নেতৃত্ব ও অর্থনৈতিকভাবে সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, ডেমোক্র্যাটদের শুধু আগের মতো রাজনীতি চালিয়ে গেলে চলবে না। কর্মজীবী পরিবার, সাধারণ মানুষের আয় এবং ধনীদের অনুকূলে থাকা অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ভ্যান হলেনের এই নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্সসহ কয়েকজনের সমর্থন রয়েছে। তবে শুমারের পক্ষেও একাধিক সিনেটর অবস্থান নিয়েছেন।

আগামী ১ ডিসেম্বর সিনেটের ডেমোক্র্যাট সদস্যদের গোপন ভোটে নতুন নেতা নির্বাচনের কথা রয়েছে। এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে ২০২৭ সালের জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে ডেমোক্র্যাটদের নেতৃত্ব কে দেবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে বড় বিজয়ের পর ডেমোক্র্যাট পার্টির অভ্যন্তরীণ নেতৃত্বের এই প্রতিদ্বন্দ্বিতা দলটির ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।