মির্জাপুরে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থীকে লাঙ্গলের সমর্থন
স্টাফ রিপোর্টারঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন জানিয়েছেন মির্জাপুর উপজেলা জাতীয় পার্টি।
মঙ্গলবার (২ জানুয়ারি) মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক সিবার উদ্দিন ট্রাক প্রতীকের প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, গতকাল তাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই বিষয়ে আলোচনা সভা হয়েছে। সভায় সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টানা তিনবারের উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিট, নেতাকর্মী ও সমর্থকদের মন্টুর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
এ ব্যাপারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এই আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জহির এর কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।








