ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখিপুরে ঘুমন্ত দুই সন্তানকে কুপিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল ১ শিশুর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 17, 2026 - 5:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

শরিফুল ইসলাম বাবুল, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে ঘুমন্ত দুই শিশুসন্তানকে ধারালো ছুরি দিয়ে ছুরিকাঘাতের পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। এতে সাড়ে তিন বছর বয়সী ছেলে আশরাফুলের মৃত্যু হয়েছে।

গুরুতর আহত নয় বছর বয়সী মেয়ে সিরজাতুন আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শিশুদের মা আকলিমা আক্তারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ও আহত সিরজাতুন ওই এলাকার মো. শাহীন মিয়ার সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহীন মিয়ার দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার পারিবারিক বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিলেন। এর জেরে বুধবার রাতে ঘুমন্ত দুই শিশুকে কেক কাটার ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে তিনি নিজেও ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ছুরিকাঘাতে দুই শিশু গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাড়ে তিন বছরের আশরাফুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিরজাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ঘটনার পর পরিবারের সদস্যরা আকলিমা আক্তারকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুদের মা আকলিমা আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনেও তদন্ত করা হচ্ছে।