কেরানীগঞ্জে মিস কেসে ভুয়া প্রতিনিধি সেজে মামলা করায় ৭ দিনের কারাদন্ড
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মিস কেসে ভুয়া প্রতিনিধি সেজে মামলা পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমান আদালতে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মোঃ আলমগীর হোসেন(৪৩)। তার বাবার নাম মৃত মোঃ আব্দুল কাদের বেপারী। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের খেজুর বাগ এলাকায়। আজ দুপুরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই সাজা প্রদান করেন।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির মোঃ মজিবুর রহমান জয় জানান,দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন একটি মিসকেসে ভুয়া প্রতিনিধি সেজে মামলা পরিচালনা করে আসছিলেন। আজকে মিসকেস চলাকালীন সময়ে সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ভূয়া প্রতিনিধি প্রমাণিত হয়। এ সময় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল
দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন। এ বিষয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন বলেন, তার অফিসে জমি সংক্রান্ত কোন বিষয় নিয়ে কেউ প্রতারণা করে ছাড় পাবে না। যতই প্রভাবশালী হোক অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে।








