পরপর তিনবারের ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কাজী সাখাওয়াত হোসেন মাত্র ২৪ বছর বয়সে প্রথম বার বারহাট্টা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হন।এরপর টানা তিনবার ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান। চেয়ারম্যান থাকা অবস্থাতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন তিনি।সর্বশেষ ইস্তফা দিয়ে উপজেলা নির্বাচনে বাজিমাত করে ১১ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ।জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই নেতার জন্য আনন্দ উৎসবে ভাসছে এখন বারহাট্টা উপজেলা।
জানা যায়, পড়াশোনা শেষ করেই ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারহাট্টা সদর ইউনিয়ন থেকে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন কাজী সাখাওয়াত হোসেন । নিরলস পরিশ্রম আর মেধা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন।এরপর আরো দুই বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।নিজ ইউনিয়ন ছাড়াও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তে থাকে তার জনপ্রিয়তা।
এবার ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অনেক আগে থেকে আটঘাট বেঁধে মাঠে নামেন এই নেতা। তফশিল ঘোষণার আগে থেকেই তিনি গণসংযোগ, বিভিন্ন ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে গিয়েছেন ভোটারদের কাছে। বিশেষ করে যুবকদের আকৃষ্ট করেছেন তিনি ।
বারহাট্টা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত বারহাট্টা উপজেলা।উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৫২৭ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
তারা হলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি খাইরুল কবীর খোকন মোটরসাইকেল প্রতীক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন ঘোড়া প্রতীক।
বারহাট্টা সদর ইউনিয়ন ও রায়পুর ইউনিয়নের চাঁন মিয়া, মহুবর মিয়া, সাজু মিয়া, শাকিল খান বলেন সাখাওয়াত ভাই উপজেলার মানুষের বিপদে-আপদে পাশে ছিলেন। তাকে দিনে-রাতে, ঝড়-বৃষ্টিতে প্রয়োজনে প্রত্যন্ত চরে ছুটে যান। তাই বারহাট্টার মানুষ তাকে ভালবাসে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে।
গত মঙ্গলবার রাতে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আক্তার ববি বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এ ফলাফলে ঘোড়া প্রতীকের কাজী সাখাওয়াত হোসেন ৪২ হাজার ১০০ ভোট পেয়ে বিজয়ী হন।
অপর প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সভাপতি খাইরুল কবীর খোকন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯২৯ ভোট।








