ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিটিসিএলের অপটিক্যাল লাইন কেটে দেওয়াতে খাগড়াছড়িতে নেটওয়ার্কের বিঘ্নতা 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 11, 2025 - 3:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 174 বার
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলায় বিটিসিএল-এর অপটিক্যাল ফাইবার লাইন কেটে দেওয়া হয়েছে। ফলে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে ৭টা পর্যন্ত জেলার মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ ছিল। এছাড়াও সারাদিন থেমে থেমে নেটওয়ার্ক সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুইমারা বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীরা অপটিক্যাল ফাইবার কেটে দেয়, যার ফলে খাগড়াছড়ি জেলার বিটিসিএল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এখনো পর্যন্ত গুইমারা, লক্ষীছড়ি, মানিকছড়ি ও রামগড় উপজেলায় নেটওয়ার্ক সচল হয়নি। বিটিসিএল-এর টিম দ্রুত নেটওয়ার্ক সচল করতে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও, রাত সাড়ে নয়টার দিকে রাঙ্গামাটি টু খাগড়াছড়ি লাইনের সাপছড়ি এলাকায় অপটিক্যাল ফাইবার লাইন কেটে দেওয়া হয়।
স্থানীয় সূত্রের আরো দাবি করে যে, ইউপিডিএফ (প্রসীত) সশস্ত্র সন্ত্রাসীরা মোটা অঙ্কের চাঁদা আদায়ের উদ্দেশ্যে লাইন কেটে দিয়েছে। তারা হুমকি দিয়েছে, চাঁদার টাকা পরিশোধ না করলে পুনরায় লাইন বিচ্ছিন্ন করবে।
বিটিসিএল একটি সূত্র জানায়, দ্রুত নেটওয়ার্ক পুনরুদ্ধারে কাজ চলছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল বাতেন মৃধা জানান, আমি আজকে সকালে বিষয়টি নিশ্চিত হয়েছি, তবে এনিয়ে এখনো আইনগত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এর ফলে এলাকার লক্ষ লক্ষ গ্রাহক মোবাইল নেটওয়ার্ক সেবার বাইরে থাকায় অসুবিধায় পড়তে হচ্ছে।
এমন পরিস্থিতিতে পাহাড়ের সাধারণ মানুষের জীবনযাত্রা এবং যোগাযোগ ব্যবস্থা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।