মৌলভীবাজারে ছাত্রদলের দুই নেতার ওপর সন্ত্রাসী হামলা
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) জেলা শাখার দুই নেতার উপর দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১১ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শহরের কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পাশে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ১০-১২ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ছাত্রদলের নেতাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে ছাত্রদলের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক তানিম আহমেদ হামজা এবং মৌলভীবাজার সরকারি কলেজ শাখার নেতা সাব্বির আহমেদ কোরেশীকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
আহতদের তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বলেন, “এটি একটি পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।”
অন্যদিকে, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, “বিষয়টি আমরা জেনেছি। তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তবে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।








