সাহাবী-তাবেয়ী যুগ অনুসরণ করে বাংলাদেশ গড়তে চাই” জামায়াত আমির
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা সাহাবী ও তাবেয়ী যুগের আদর্শ অনুসরণ করে একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চাই, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি নাগরিক সম্মানের সঙ্গে বসবাস করবে।”
রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে জামায়াত আয়োজিত মতবিনিময় সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা ও ধর্ম প্রসঙ্গে তিনি বলেন, “একটি জাতিকে গড়তে হলে মানসিক ও নৈতিক পরিবর্তন প্রয়োজন। আমাদের দেশে প্রয়োজনীয় শিক্ষাব্যবস্থা এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমরা ধর্মের বিভাজনে বিশ্বাস করি না—নিজের ধর্মের প্রতি যেমন ভালোবাসা, তেমনি অন্য ধর্মের প্রতিও সম্মান থাকা উচিত।”
যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, “সমাজ পরিবর্তনে যুবকদের এগিয়ে আসতে হবে। ইতিহাসে যুবসমাজ ছাড়া কোনো পরিবর্তন হয়নি।”
এর আগে, কুলাউড়া উপজেলার চা-বাগান এলাকায় এক সভায় তিনি বলেন, “চা-শ্রমিকরা এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা দায়িত্ব পেলে তাদের অধিকার নিশ্চিত করবো এবং সন্তানদের প্রতিভা বিকাশেও পাশে থাকবো।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, “শনিবার আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। সেখানে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তাবনা দিয়েছি। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, একটি ইতিবাচক নির্বাচন হবে যেখানে ভোটাররা হাসিমুখে ভোট দিতে পারবে।”
রবিবারের কর্মসূচির অংশ হিসেবে তিনি মহিলা সুধী সমাবেশ ও জামায়াতের ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের সম্মেলনেও অংশ নেন।








