কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে শিক্ষিকা খুন, আটক ৩
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভাষানিগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধে রোজিনা বেগম (৪০) নামে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি নবদুত পাঠশালার প্রধান শিক্ষিকা এবং কমলগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টনের স্ত্রী।
ঘটনাটি ঘটে সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্দুর রহিম ও তার পরিবারের সঙ্গে রোজিনার পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। ওইদিন সকালে রহিম ও তার ছেলে রেজাউল করিম সাগর এক্সকাভেটর নিয়ে জমিতে পুকুর খনন শুরু করলে বাধা দেন রোজিনার ভাই নিজাম মিয়া। এ সময় প্রতিপক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় ঘটনাস্থলেই নিহত হন রোজিনা বেগম। গুরুতর আহত হন তার ভাবি লুভনা বেগম (৩৫) ও বোনের জামাই জালাল উদ্দিন (৪৮)।
কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে আব্দুর রহিম, মনির মিয়া ও মতি মিয়া।
ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত চলছে।








