মির্জাপুরে বিদ্যুতের খুঁটি পড়ে এক বৃদ্ধের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুতের খুঁটি পড়ে আসাদ মিয়া (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (০১ জুন) বেলা ২টার দিকে মির্জাপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে মুসলিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদ উপজেলার পাহাড়পুর গ্রামের নোয়াব আলীর ছেলে বলে জানা গেছে।
পলিশ ও স্থানীয়রা জানান, মুসলিমপাড়া গ্রামের নুরুল হক ভূইয়ার স্ত্রী মিনু বেগম তার বাড়ির বিশাল আকৃতির ইউক্যালিপটাস বেশ কয়েকটি গাছ দেওহাটা বাজারের তিন কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। ব্যবসায়ীরা গত এক সপ্তাহ আগে থেকে গাছগুলো শ্রমিক দিয়ে কাটা শুরু করেন।
রোববার দুপুরে প্রায় ১০০ ফুট লম্বা একটি ইউক্যালিপটাস গাছ কাটেন। গাছটি বিদ্যুতের তারের ওপর পড়ে তারসহ দুটি খুঁটি ভেঙে পড়ে। সাহাপাড়া বাবু বাজারে সবজি বিক্রি শেষে ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়েই ঘটনাস্থলেই আসাদ মারা যান। মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেছেন। এছাড়া পুলিশ ও পল্লী বিদ্যুতের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পল্লী বিদ্যুতের মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোকলেছুর রহমান বলেন, ‘সরজমিন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








