ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবি জাগপা সহসভাপতির

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 20, 2025 - 12:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 127 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃজাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ ও ভারতের পূর্ব নির্ধারিত ছিল। দেশের জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভারতীয় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

শুক্রবার বিকেলে ঈদ পুনর্মিলনী উপলক্ষে পঞ্চগড় জেলা জাগপা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পঞ্চগড়-১ আসনে নিজে এবং পঞ্চগড়-২ আসনে দলের সভাপতি তাসমিয়া প্রধানকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন তিনি।

রাশেদ প্রধান আরও বলেন, “নির্বাচনের আগে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে। সন্ত্রাসী ও অপরাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগের বিচারও প্রয়োজন। ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য লেভেল প্লেইং ফিল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ অধীর আগ্রহে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে কোনো বৃহত্তর ঐক্য না হলে জাগপা দেশের ২০টি আসনে প্রার্থী দেবে। পঞ্চগড়-১ আসনে তিনি নিজে এবং পঞ্চগড়-২ আসনে দলের সভাপতি তাসমিয়া প্রধান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সমাজের চারটি গুরুত্বপূর্ণ পেশার মানুষের নিরপেক্ষতার ওপর জোর দিয়ে তিনি বলেন, “চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচারকদের নিরপেক্ষ হওয়া জরুরি। সমাজের সঠিক চিত্র তুলে ধরতে সাহসী সাংবাদিকতা দরকার। আমি বিশ্বাস করি, সাংবাদিক সমাজ ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখবে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, শামসুজ্জামান নয়ন, কামাল হোসেন, কামরুজ্জামান কুয়েত, জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
সভায় জেলা পর্যায়ে কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন।