শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে ৪ জনের মর্মান্তিক মৃত্যু
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি সেপটিক ট্যাংকে পড়ে একে একে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দিবাগত গভীর রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিনছড়া বাগানের কৃষ্ণরবি দাস (২০), শ্রাবণ (১৮), নিপেন (২৭) ও রানা (১৬)। তারা সবাই স্থানীয় চা-শ্রমিক পরিবারের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগান এলাকার একটি নির্মাণাধীন ঘরের সেপটিক ট্যাংকের ভেতরে কোনো কারণে একটি জিনিস পড়ে গেলে একজন সেটি তুলতে নামেন। কিন্তু বেশ কিছুক্ষণ পরেও তিনি না ওঠায় একে একে আরও তিনজন তাকে উদ্ধার করতে নামেন। শেষ পর্যন্ত চারজনই ট্যাংকের ভেতরে পড়ে যান এবং নিথর হয়ে যান।
স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর সবার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। চারজন তরতাজা যুবকের এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।








