ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খাগড়াছড়িতে ব্যবসায়ী পেটানোর অভিযোগে এসআই প্রত্যাহার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 20, 2025 - 12:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। ফ্রি ওয়াইফাই সংযোগ না দেওয়ায় এক ব্যবসায়ীকে ফাঁড়িতে ডেকে নিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ ওঠার পর বুধবার সকালে তাকে খাগড়াছড়ি পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।

মঙ্গলবার বিকালে স্থানীয় ক্যাবল ইন্টারনেট ব্যবসায়ী ইসমাইল হোসেনকে ফাঁড়িতে ডেকে মারধর করার অভিযোগ ওঠে এসআই নাজমুল হাসানের বিরুদ্ধে। ২৭ বছর বয়সী ইসমাইলের বাড়ি মেরুং বাজার এলাকায়।

ইসমাইল হোসেন অভিযোগ করেন, তিনদিন আগে ফাঁড়ির ইনচার্জ তার কাছে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ চান এবং না দিলে লাইন খুলে নেওয়ার হুমকি দেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাবেন বলে জানান। পরে মঙ্গলবার ফাঁড়ির সামনে গেলে তাকে ভেতরে ডেকে নেওয়া হয়। তখন এসআই নাজমুল হাসান তার ওপর চুরির অপবাদ দিয়ে বেধড়ক পেটান, এতে তার দুই হাত গুরুতর জখম হয়।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে দীঘিনালা থানার ওসি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

যদিও ব্যবসায়ীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন এসআই নাজমুল হাসান। তবে ওসি মো. জাকারিয়া জানিয়েছেন, নাজমুল হাসান নিজেই ‘দোষ স্বীকার’ করে ‘দুঃখ প্রকাশ’ করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।