ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধানক্ষেতে আটকা ১০ ফুট লম্বা অজগর, অবশেষে লাউয়াছড়ায় অবমুক্ত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 21, 2025 - 7:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপাড় এলাকার একটি ধানক্ষেত থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাপ সংরক্ষণকর্মী ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সদস্য চঞ্চল গোয়ালা অজগরটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, ভোরে ধানক্ষেতে অজগরটি আটকা পড়ে। পরে সকাল সাড়ে ছয়টার দিকে তারা চঞ্চল গোয়ালাকে খবর দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, নেটের বেড়ায় সাপটি জড়িয়ে গেছে। সতর্কতার সঙ্গে নেট কেটে তিনি অজগরটিকে উদ্ধার করেন।

চঞ্চল গোয়ালা বলেন, “সাপটি কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল। উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নিয়ে আসি। পরে পরিচর্যার মাধ্যমে সুস্থ করে দুপুর ১টার দিকে বনে অবমুক্ত করা হয়।”

লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, বনরক্ষীদের সহায়তায় অজগরটিকে নিরাপদে উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সাপ দেখলে পিটিয়ে না মারার আহ্বান জানান।