মৌলভীবাজারে স্কিল শিখনের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও স্পোকেন ইংলিশ ফ্রি সেমিনার অনুষ্ঠিত
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে রবিবার (২৬ অক্টোবর) স্কিল শিখনের উদ্যোগে “ফ্রিল্যান্সিং ও স্পোকেন ইংলিশ ফ্রি সেমিনার” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার আইসিটি অফিসার আব্দুল্লাহ আল নোমান। তিনি ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা, ডিজিটাল দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা এবং তরুণ প্রজন্মের আইটি শিক্ষায় এগিয়ে আসার গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন স্কিল শিখনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমাজ উদ্দিন এবং সঞ্চালনা করেন স্কিল শিখনের ইন্সট্রাক্টর জাহিদুল ইসলাম।
ফ্রিল্যান্সিং বিষয়ক সেশনে বক্তব্য রাখেন স্কিল শিখনের এমডি নূর নবী পাবেল, আর স্পোকেন ইংলিশ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন ইনস্ট্রাক্টর তারেক হোসেন ফারাবি।
অনুষ্ঠানে মৌলভীবাজারের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ সেমিনারের মাধ্যমে তারা বুঝতে পেরেছেন বর্তমান যুগে আইটি দক্ষতা অর্জনের গুরুত্ব এবং ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করার সহজ উপায়।
সেমিনার শেষে নিয়মিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং কোর্সে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদেরও ক্রেস্ট প্রদান করা হয়। যারা কোর্স চলাকালীন সময়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করেছেন বা স্থানীয় ও আন্তর্জাতিকভাবে রিমোট জবে যুক্ত হয়েছেন, তাদেরকে বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে স্কিল শিখনের সিইও ইমাজ উদ্দিন বলেন,
“আমাদের মূল লক্ষ্য মৌলভীবাজারের তরুণ প্রজন্মকে আইটি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা। অনেক তরুণ এখনো ফ্রিল্যান্সিং সম্পর্কে অজ্ঞ, আমরা চাই তারা যেন ঘরে বসে আয় করতে পারে এবং দেশের বেকারত্ব দূরীকরণে অবদান রাখতে পারে। স্কিল শিখন সবসময় শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা স্কিল শিখনের এ প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজনের আহ্বান জানান।








