শমশেরনগরে মানববন্ধন ও বিক্ষোভ: ১ নভেম্বর সিলেট বিভাগে রেলপথ অবরোধের ঘোষণা
রাজন আবেদীন রাজু,স্টাফ রিপোর্টার: আখাউড়া-সিলেট রেল সেকশনের বন্ধ রেলস্টেশনগুলো চালুসহ ৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে আগামী ১ নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ রেলপথ অবরোধ কর্মসূচির সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় “৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন, শমশেরনগর” এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি ও শমশেরনগর ইউনিয়ন বিএনপি সভাপতি সমাজকর্মী এনামুল হক শামীমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা গোলাম রাব্বানীর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, “৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন, কুলাউড়া”-এর আহ্বায়ক সাংবাদিক আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আকই, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, প্রনীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমীন মিল্টন, নির্মল এস পলাশ, জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সায়েম, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন, শমশেরনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ, ট্রেনের টিকিট কালোবাজারি রোধ, সিলেট অঞ্চলের স্টেশনগুলোতে আসন সংখ্যা বৃদ্ধি এবং যাত্রীদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত বগি সংযোজনসহ বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবিগুলো দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি। এসব দাবির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১ নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ পর্যন্ত রেলপথ অবরোধ করা হবে।
তারা আরও বলেন, দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখা প্রবাসী সিলেটবাসীর এলাকা হয়েও আখাউড়া-সিলেট রেলপথে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি। মান্ধাতা আমলের বগি ও ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচল, ঘন ঘন দুর্ঘটনা, টিকিট সংকট এবং যাত্রীদের অবর্ণনীয় ভোগান্তি এখন নিত্যদিনের চিত্র।
বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু রেল কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে একটি সিন্ডিকেট চক্র টিকিট কালোবাজারি করে দ্বিগুণ-তিনগুণ দাম আদায় করছে। এসব অনিয়ম-দুর্নীতি বন্ধ না হলে এবং ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ নভেম্বর সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।








