ধানের শীষের বিজয় হলে মানুষের মুখে হাসি ফুটবে — ডা. ইকরামুল বারী টিপু
নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মান্দা উপজেলার ৩নং পরানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মীসভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বানিসর ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
বক্তব্যে ডা. টিপু বলেন, “ধানের শীষের বিজয় মানে মানুষের বিজয়। এই বিজয় হলে কৃষকের মুখে হাসি ফুটবে, জনগণ ফিরে পাবে তাদের ভোটাধিকার ও মর্যাদা।” তিনি আরও বলেন, “জনগণের পাশে থেকেই আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। মান্দার মাটি ও মানুষের কল্যাণেই ধানের শীষ প্রতীক আমাদের সংগ্রামের প্রতীক।”
সভায় পরানপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজাফ্ফর রহমান (সিও)-এর সঞ্চালনায় স্থানীয় বিএনপি, কৃষকদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিগত সরকারের শাসন আমলে নির্যাতিত কর্মীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের মধ্যে নবউদ্যম, আশাবাদ ও নির্বাচনী উৎসাহ লক্ষ্য করা যায়।#








