জুলুমের শিকার যারাই হোক, এনসিপি তাদের পক্ষেই দাঁড়াবে: সারজিস আলম
স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র উত্তরাঞ্চলীয় প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, “শেখ হাসিনার চেয়ে বড় কোনো সৈরাচার এই বাংলাদেশে ছিল না, হবেও না।”
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নিজ জেলা পঞ্চগড়ের বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এনসিপির কমিটি প্রকাশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় সারজিস আলম আরও বলেন, দেশের গণ-অভ্যুত্থান এখন শুধু প্রথম ধাপ পার করেছে। সামনে জাতীয় নির্বাচন হচ্ছে এর পরবর্তী ধাপ। তিনি বলেন, “ধর্ম, দল বা সংখ্যা দেখে নয়—জুলুমের শিকার যারা হবে, এনসিপি থাকবে তাদের পক্ষেই। দুর্নীতিবাজ নয়, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তিকেই ভোট দিন—সে যে দলেরই হোক।”
তিনি আরও বলেন, “আমরা পাঁচ বছরের রাজনীতিতে তিন মাসের কোকিল হতে চাই না। আমরা পাঁচ বছর জনগণের ভাই ও সন্তান হয়ে থাকতে চাই। ‘কোটা না মেধা—মেধা মেধা’ স্লোগান দিয়ে রাজনীতি শুরু করেছি, বাংলাদেশে আর কোনো ধরনের দুর্নীতি চাই না।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি পঞ্চগড়-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির দলীয় প্রার্থী হিসেবে আসাদ শিশিরের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে দোয়া মাহফিলে অংশ নেন সারজিস আলম।
এনসিপির এই জনসভায় সারজিস আলমের বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে দলটির অবস্থান, মূল্যবোধ ও দুর্নীতিবিরোধী অঙ্গীকার স্পষ্টভাবে উঠে আসে। পঞ্চগড়-২ আসনে আসাদ শিশিরকে প্রার্থী ঘোষণা করার মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতিও আরও দৃশ্যমান হলো।
৩০








