গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই — ডা. ইকরামুল বারী টিপু
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
শনিবার (২০ ডিসেম্বর) মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত ‘ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে জাতীয়তাবাদী যুবদলের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং শহিদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. ইকরামুল বারী টিপু বলেন,
“দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র অনুপস্থিত। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই দুঃশাসন থেকে মুক্তি পেতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে মাঠে থাকতে হবে।”
উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল।
বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শহিদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।#








