বিএনপি একমাত্র বাংলাদেশপন্থী রাজনৈতিক দল: ডা. ইকরামুল বারী টিপু
নওগাঁ প্রতিনিধিঃ বিএনপি একমাত্র বাংলাদেশপন্থী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি সবসময় আপসহীন ভূমিকা রেখে আসছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে নওগাঁর মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. ইকরামুল বারী টিপু বলেন, “বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, জনগণের অধিকার ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করে। এ কারণেই বিএনপি জনগণের আস্থা ও ভালোবাসার দল।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং তেঁতুলিয়া ইউনিয়ন শ্রমিক দলের প্রচার সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন নবী হুদা, সহ-সভাপতি আজহার হোসেন, মোশারফ হোসেন, সাবেক বিএনপি নেতা আজাহার জোয়াদ্দার সহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়








