খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ আজ স্তব্ধ ও শোকাহত: ব্যারিস্টার নওশাদ জমির
স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – এর নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, “বাংলাদেশ আজ স্তব্ধ—আজ পুরো দেশ শোকাহত।”
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সম্মানিত ও সমাদৃত রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত ছিলেন। ভবিষ্যতেও বিশ্ব তাকে সেইভাবেই স্মরণ করবে।”
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসে যে কয়টি শোকের কালো দিন আছে, আজকের দিনটি তাদের অন্যতম।”
তিনি জানান, মঙ্গলবার সকাল ছয়টার পরপরই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদের পাঠানো বার্তায় জানানো হয়—দেশনেত্রীর অবস্থা সংকটাপন্ন। কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর সংবাদটি পান।
ব্যারিস্টার নওশাদ বলেন, পঞ্চগড়ের মানুষসহ সারা দেশের জনগণ এবং বিশ্বের বিভিন্ন স্থানের মানুষ এই মুহূর্তটিকে গভীর শোকের সময় হিসেবে স্মরণ রাখবে।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং একটি শোক বই খোলা হয়েছে। সেখানে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের ভিড় দেখা গেছে।
স্মৃতিচারণ করতে গিয়ে ব্যারিস্টার নওশাদ বলেন, “খালেদা জিয়া এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যার জন্য সৌদি বাদশাহ পর্যন্ত কূটনৈতিক যোগাযোগের দ্বার উন্মুক্ত করেছিলেন।”
তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতায় থাকার সময় যখন পিজি হাসপাতালের নাম পরিবর্তনের প্রস্তাব আসে, তখন খালেদা জিয়া বলেছিলেন—“আমি দেশের জন্য কাজ করতে এসেছি, নাম পরিবর্তন করতে নয়।”
তিনি বলেন, উদারনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।








