ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজারে জমজমাট ভোটের মহড়া

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 27, 2026 - 7:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি মাঝে মৌলভীবাজার জেলায় জমে উঠেছে ভোটের তীব্র লড়াই।
৭ উপজেলা, ৬ পৌরসভা ও ৬৭ ইউনিয়ন নিয়ে গঠিত এ জেলায় মোট ২৪ জন প্রার্থী চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জেলার মৌলভীবাজার-১, মৌলভীবাজার-২ ও মৌলভীবাজার-৪ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ বেশি, আর মৌলভীবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী তুলনামূলকভাবে এগিয়ে আছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী)
বড়লেখা ও জুড়ী উপজেলার মোট ৩,৩৭,৮১৬ জন ভোটারের এই আসনে ছয় প্রার্থী অংশ নিয়েছেন।
মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি (ধানের শীষ) ও জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) প্রার্থীদের মধ্যে। এছাড়া জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, গণফ্রন্ট ও একজন স্বতন্ত্র প্রার্থীও সক্রিয়।
বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ জানিয়েছেন, “জনগণ আমাদের স্বতঃস্ফূর্ত সমর্থন দিচ্ছে। নির্বাচিত হলে বড়লেখা-জুড়ীর সমস্যা সমাধানে কাজ করব।”
জামায়াত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “মানুষ সৎ নেতৃত্ব ও পরিবর্তন চায়, সেই লক্ষ্যে কাজ করব ইনশাআল্লাহ।”
মৌলভীবাজার-২ (কুলাউড়া)
কুলাউড়া উপজেলায় ৩,০৩,০২০ ভোটার রয়েছেন। এখানে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত। বিএনপি, জামায়াত ছাড়াও দুই স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান এবং ফজলুল হক খান মাঠে রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এখানে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
বিএনপি প্রার্থী মো. শওকতুল ইসলাম বলেছেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, ভোটাররা ধানের শীষে বিশ্বাস রেখেছে।”
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর)
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় ৪,৮৬,২১২ জন ভোটার রয়েছে। চার প্রার্থী লড়াই করছেন।
বিএনপি মনোনীত এম নাসের রহমানের অবস্থান এখানে শক্তিশালী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইসলামী দলগুলোর ভোট বিভক্ত হওয়ার সম্ভাবনা থাকায় তিনি সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
নাসের রহমান বলেন, “বিএনপি ক্ষমতায় এলে মৌলভীবাজারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ নেব।”
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
চা-বাগান অধ্যুষিত এই আসনে ভোটার সংখ্যা ৪,৮৭,৮৮৮ জন। ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী দীর্ঘ ২৫ বছর মানুষের পাশে থাকার অভিজ্ঞতা নিয়ে নির্বাচনে লড়ছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু ও ১১ দলীয় জোটের দুই প্রার্থী জটিলতা তৈরি করেছে।
মুজিবুর রহমান বলেছেন, “চা-শ্রমিকসহ সকল মানুষের কল্যাণে কাজ করব।”
জাতীয় নাগরিক পার্টির প্রার্থী প্রীতম দাশ যোগ করেন, “জনগণ পরিবর্তন চায়, নতুন রাজনৈতিক ধারায় ব্যাপক সাড়া পাচ্ছি।”
সার্বিক চিত্র
মৌলভীবাজারের প্রতিটি আসনে ভোটারদের আগ্রহ চোখে পড়ার মতো। কোথাও ত্রিমুখী, কোথাও চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা থাকায় নির্বাচনী উত্তাপ তুঙ্গে। শেষ পর্যন্ত কার ভাগ্যে হাসি ফুটবে, তা জানার জন্য জেলা অপেক্ষায় রয়েছে।