ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী: সহকারী নৌ প্রধান
হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধি : ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
এ প্রেক্ষিতে রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, (জি), এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত কন্টিনজেন্ট এবং ভোটকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি টেকনাফ, সেন্টমার্টিন ও মহেশখালীতে অবস্থিত নৌবাহিনীর কন্টিনজেন্টগুলোর প্রস্তুতি ও দায়িত্ব পালনের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন।
এ সময় রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২০ জুলাই ২০২৪ থেকে বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এ সময়ে নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচার রোধে উল্লেখযোগ্য সংখ্যক সফল অভিযান পরিচালনা করেছে।
তিনি আরও জানান, নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে বাংলাদেশ নৌবাহিনী বদ্ধপরিকর। একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে যেকোনো পরিস্থিতিতে অর্পিত দায়িত্ব পালনে নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য নৌ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা, আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বহুমুখী অনুশীলন সম্পন্ন করা হয়েছে বলে জানান সহকারী নৌবাহিনী প্রধান। পাশাপাশি ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌ সদস্যদের পেশাদার ও আইনসম্মত আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং র্যাপিড অ্যাকশন টিম মোতায়েন রয়েছে। একই সঙ্গে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। বিশেষ গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
তিনি সকলকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।








