ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে মহিলা বিষয়ক অধিদপ্তরের মা ও শিশু সহায়তা কর্মসূচি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 9, 2026 - 3:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে ভাতা-ভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ শুরু হয়েছে।

গত রবিবার (৮ ফেব্রুয়ারী) চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পর্যায়ে মাতৃ ভাতা-ভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম, ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক শাহ্।
এসময় বক্তব্য রাখেন পরিবার কল্যাণ সহকারী (এফডাব্লিউএ) রোকেয়া বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক অজিত রায় ও সিএইচসিপি মো: ফরহাদ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক শাহ্ বলেন, “এ ধরনের প্রশিক্ষণ মা ও শিশুর উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। সরকারের সহায়তা যাতে সঠিকভাবে কাজে লাগে, সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকতে হবে”।

খেড়কাটি কমিউনিটি ক্নিনিকের সিএইচসিপি মো: ফরহাদ হোসেন বলেন, “ভিয়াইল ইউনিয়নে মোট ০২ দিনে ২০২৫-২০২৬ অর্থ বছরে ৮৪ জন ভাতাভোগী গর্ভবতী “মা”দের এসবিসিসি প্রশিক্ষণ দেয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ভাতাভোগীদের এসবিসিসি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংশ্লিষ্ট ভাতাভোগীদের সুনির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন”।

চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের ব্যানারে ভাতাভোগীদের এসবিসিসি এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
প্রসঙ্গত, “মা ও শিশু সহায়তা” কর্মসূচির মাধ্যমে সরকার সমাজের দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে।