ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মাসব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 22, 2026 - 3:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ-এ ঝাড়ু হাতে সড়ক, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। রবিবার (২২ ফেব্রুয়ারি) মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করে নিজেই ময়লা-আবর্জনা পরিষ্কার কাজে অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরাও আশপাশের এলাকা পরিষ্কার করেন।

রমজানকে সামনে রেখে মোরেলগঞ্জ ও শরণখোলা—এই দুই উপজেলায় মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান সংসদ সদস্য। হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা ও হাট-বাজারসহ জনসমাগমস্থলগুলোকে এই অভিযানের আওতায় আনা হবে।

নাগরিক সচেতনতার আহ্বান

অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, “পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু প্রশাসন বা জনপ্রতিনিধির একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শহরে ময়লা-আবর্জনা পড়ে থাকলেও কেউ উদ্যোগ নেয়নি। তাই নিজ দায়িত্ববোধ থেকে এ কর্মসূচি শুরু করেছেন তিনি। “এই শহর আমাদের, এখানে আমরা বসবাস করি। শহরকে পরিষ্কার রাখা আমাদেরই দায়িত্ব,”—যোগ করেন তিনি।

বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান

মোরেলগঞ্জ পৌরসভা এলাকা, প্রধান বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর আমির মাষ্টার রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়দের মতে, একজন সংসদ সদস্যের সরাসরি ঝাড়ু হাতে মাঠে নামা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অভিযানে অংশগ্রহণ করেন।

সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে। পরিচ্ছন্ন শহর গড়তে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।