রাঙ্গুনিয়ায় ওরশকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার আজিজুলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবী
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদকঃরাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় হয়রত লালশাহ মোয়াজ্জেম (রাহ.) ও হয়রত বদু ফকির (রাহ.) এর ওরশকে কেন্দ্র করে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
সোমবার (৯ মার্চ) বিকেলে নিশ্চিন্তাপুর সিএনজি স্টেশন চত্বরে “দক্ষিণ নিশ্চিন্তাপুর সর্বস্তরের জনসাধারণ” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আহত আজিজুল হক মানিকের বড় ভাই খোরশেদ আলম ও প্রবাসী দেলোয়ার হোসেন এবং এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন শিক্ষক নাছের উদ্দীন, ইসমাঈল হোসেন, মো. সাদ্দাম, শফিউল আলম বাঁচা, নুরুল আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ওরশকে কেন্দ্র করে রোসাই পাড়ার কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালাই। এতে এনএসপি স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি ও ইউনিলিভার কোম্পানির কর্মরত ইঞ্জিনিয়ার আজিজুল হক মানিকসহ মো. খোকন, তারেক, জোসনা ও শিশু রুবেল আহত হন।
এসময় দুর্বৃত্তরা ওরশ উপলক্ষে স্থাপন করা সামিয়ানা ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেলও ভেঙে ফেলে। ঘটনার দিন রাতেই থানায় কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হলেও কয়েকদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত তদন্ত সাপেক্ষে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি এ ঘটনায় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মডেল থানার ওসির দৃষ্টি আকর্ষণ করেন তারা।
উল্লেখ্য, গত শুক্রবার ওরশকে কেন্দ্র করে এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে ঘটনার পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান ও রাঙ্গুনিয়া মডেল থানার(ওসি) মো. আরমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এলাকায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে।








