ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৭:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আছমা লতিফা ফিলিং স্টেশনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 26, 2026 - 2:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মোটর সাইকেলের পেট্রোল সংগ্রহ করতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে এনায়েতুল করিম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা হাসপাতাল সংলগ্ন আছমা লতিফা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
নিহিত এনায়েতুল করিম (৪৮) পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর সাহাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল মাস্টারের ছেলে। তিনি একটি কীটনাশক কোম্পানির কর্মচারী ছিলেন। ব্যক্তিগত প্রয়োজনে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার সকালে আছমা লতিফা ফিলিং স্টেশনে (পাম্পে) তেল সংগ্রহের জন্য গিয়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার জন্য এনায়েতুল করিম (৪৮) হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, “এনায়েতুল করিম (৪৮) আগে থেকেই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ অবস্থান করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়”।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র বর্মন জানান, “পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে”।