নেত্রকোনার বারহাট্টায় কয়েল থেকে লাগা আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ক্ষতি প্রায় ৭ লাখ টাকা
মামুন কৌশিক, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টার আসমা ইউনিয়নের ছোট্ট কৈলাটি গ্রামে অগ্নিকাণ্ডে দুই কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।২৯ মার্চ রাত ২ টার এ ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও আসমা ইউনিয়নের প্রশাসক মোঃ কামরুল হাসান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ২৯ মার্চ দিবাগত রাত ২ টার দিকে ছোট্ট কৈলাটি গ্রামের কৃষক আজগর আলীর দুই ছেলে ইদ্রিস মিয়া ও সাইকুলের বাড়িতে গোয়াল ঘর ও খড়ের ঘরে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।সেখানে দুটি গোয়াল ঘরে থাকা ১ টি গাভী মূল্য অনুমানিক ৮০০০০ টাকা ও একটি বকনা বাছুর মূল্য অনুমান ৫০০০০ টাকা পুড়ে যায়।এছাড়াও দুটি গোয়ালঘর ও দুটি খড়ের ঘর ও গরুর খাদ্যসহ ক্ষয়ক্ষতি অনুমান ৭ লক্ষ টাকা।।গোয়াল ঘরে দেওয়া কয়েল থেকে এই আগুন লাগার কারণ বলে ধারণা করা হয়েছে।
আসমা ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান প্রশাসক হিসাবে ছোট্ট কৈলাটি গ্রামে ক্ষতিগ্রস্থ কৃষকদের বাড়ি পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যাক্তি বর্গকে উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্দিষ্ট ফরমে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলা হয়েছে। তারা আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে।তিনি আরো জানান আগুনে ক্ষতিগ্রস্তদের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে বিস্তারিত অবগত করা হয়েছে।








