ময়মনসিংহ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
আরিফ রব্বানী ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ বীজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার সহায়তা প্রদান প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (১২এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হেপির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জুবায়রা বেগম সাথী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে আউশ ধানের আবাদ বাড়বে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে উফশী আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। কৃষকরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী জানান- ময়মনসিংহ সদরে আউশ ধানের আবাদ দিন দিন কমে যাচ্ছে। এ প্রেক্ষাপটে আউশ আবাদে কৃষকদের আগ্রহ বাড়ানো এবং শস্যের নিবিড়তা বৃদ্ধি করতে সরকারের পক্ষ থেকে এই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আশা করছেন, এ ধরনের সহায়তা কৃষকদের আউশ চাষে উদ্বুদ্ধ করবে এবং আগামী মৌসুমে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।








