মৌলভীবাজারে সিএনজি-অটোর ধর্মঘট: বৃত্তি পরীক্ষার আগে শিক্ষার্থীদের চরম ভোগান্তির আশঙ্কা
মোঃ ইমরান হোসেন স্টাফ রিপোর্টার: আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। তবে এর আগেই মৌলভীবাজার জেলায় সিএনজি ও অটোরিকশা চালকদের ধর্মঘট ডেকে দেওয়ায় চরম ভোগান্তির শঙ্কায় পড়েছে পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা।
জানা গেছে, হঠাৎ করেই ডাকা এই ধর্মঘটের ফলে জেলার বিভিন্ন উপজেলায় গণপরিবহন সংকট দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এসব এলাকায় যাতায়াতের প্রধান মাধ্যমই হলো সিএনজি ও অটোরিকশা।
অভিভাবকরা জানান, পরীক্ষার কেন্দ্রে সময়মতো পৌঁছানো নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। অনেকেই আগেভাগেই বিকল্প পরিবহন খোঁজার চেষ্টা করছেন, তবে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উৎকণ্ঠা কাটছে না।
একাধিক শিক্ষার্থী জানায়, দীর্ঘদিন প্রস্তুতি নেওয়ার পর পরীক্ষার দিনে এ ধরনের পরিস্থিতি তাদের জন্য মানসিক চাপ সৃষ্টি করছে। এতে পরীক্ষার ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত ধর্মঘট নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। দ্রুত সমাধান না হলে শত শত শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে।
শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে ধর্মঘট প্রত্যাহার কিংবা বিকল্প পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে কোমলমতি শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে।








