ঢাকা | মে ১২, ২০২৬ - ৩:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

একটু বৃষ্টিতেই কাদার সাগর, চরম দুর্ভোগে কয়েকটি গ্রামের মানুষ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 10, 2026 - 6:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শংকরপুর, রুয়াই, সালদহ ও পলাশবাড়ী গ্রামের প্রধান সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন স্থানে হাঁটুসমান কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে পুরো সড়ক। রাস্তার অবস্থা দেখে বোঝার উপায় নেই এটি রাস্তা, নাকি কোনো ফসলি জমি।
বিশেষ করে চলমান বোরো মৌসুমে ধান কাটা ও ঘরে তুলতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। কৃষিপণ্য পরিবহন করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এছাড়াও হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য নেওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গিয়ে সীমাহীন কষ্টের মুখে পড়ছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি পাকাকরণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বারবার প্রতিশ্রুতি মিললেও আজও সড়কটি পাকা হয়নি। ফলে বছরের পর বছর দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে গ্রামবাসীদের।
এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কার করে অন্তত চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। পাশাপাশি স্থায়ীভাবে দুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।#