মির্জাপুরে ফের একসঙ্গে ৪ সন্তানের জন্ম
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ফের একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার নামে এক গৃহবধূ। তার নবজাতকদের মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়ে সন্তান রয়েছে।
বাসাইল উপজেলার কাশিল গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলীর সঙ্গে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাঘিল গ্রামের বাবুল মিয়ার মেয়ে বিথী আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে আগে একটি ১০ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে।
একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় পরিবারে মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মা ও সন্তানদের সুস্থতা নিয়েই তাদের সবচেয়ে বেশি দুঃশচিন্তা ছিল। এখন সবাই ভালো থাকায় তারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক বিভাগীয় প্রধান শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এ.বি.এম আলী হাসান বলেন, “এ ধরনের প্রসব অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তাই মা ও শিশুদের জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে।” নবজাতকদের ওজন, শ্বাস-প্রশ্বাস ও শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।








