পঞ্চগড়ে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে ইয়োগা রানআপ
স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে পঞ্চগড়ে ইয়োগা রানআপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ভারতীয় হাই কমিশন ও পঞ্চগড় জেলা পরিষদের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের রাজশাহী অঞ্চলের সহকারী কমিশনার মনোজ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও যোগব্যায়াম অনুশীলনকারীরা।
অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান ব্যস্ত জীবনে মানুষ শারীরিক ও মানসিক নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। নিয়মিত যোগ ব্যায়াম শরীর সুস্থ রাখার পাশাপাশি মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ভারতীয় সহকারী হাইকমিশনের রাজশাহী অঞ্চলের সহকারী কমিশনার মনোজ কুমারকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি রাজশাহী থেকে পঞ্চগড়ে এসে অনুষ্ঠানে অংশ নিয়ে সবাইকে অনুপ্রাণিত করেছেন। তাঁর এই উৎসাহ মানুষকে যোগচর্চার প্রতি আরও আগ্রহী করে তুলবে।
তিনি বলেন, প্রতিদিন নির্দিষ্ট সময় বেছে নিয়ে নিয়মিত যোগব্যায়াম অনুশীলন করা উচিত। ঘরে বসেও যোগচর্চা করা সম্ভব হলেও দলবদ্ধভাবে করলে এর আনন্দ ও উৎসাহ আরও বেড়ে যায়।
তিনি আরও বলেন, সুস্থ জাতি গঠনে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। যোগ ব্যায়াম মানুষের মন ও শরীরকে ইতিবাচক রাখতে সহায়তা করে। তাই পরিবার ও সমাজের সবাইকে নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ভারতীয় সহকারী হাইকমিশনের রাজশাহী অঞ্চলের সহকারী কমিশনার মনোজ কুমার বলেন, আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস এখন বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে এ ধরনের আয়োজন দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে।
আলোচনা শেষে পঞ্চগড় ইয়োগা ক্লাবের সদস্যরা যোগ ব্যায়াম প্রদর্শন করেন। বিভিন্ন বয়সী সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত এ প্রদর্শনী উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবসকে সামনে রেখে আয়োজিত এই ইয়োগা রানআপ কর্মসূচি পঞ্চগড়ে স্বাস্থ্যসচেতনতা ও নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেছে। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি যোগচর্চার প্রতি মানুষের আগ্রহ আরও বাড়াবে বলে আশা প্রকাশ করা হয়েছে।








