ঢাকা | মে ২১, ২০২৬ - ১০:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রঙ্গুনিয়ায় ‘গ্রাম আদালত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালা 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 21, 2026 - 12:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার
উপজেলা প্রতিনিধি, রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারণার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ নাজমুল হাসান।
“অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে”— এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালায় বক্তারা গ্রামীণ জনপদে দ্রুত ও সহজে বিচার নিশ্চিতকরণে গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরেন। বিশেষ করে গ্রাম আদালতের পরিচিতি, গ্রাম আদালত আইন ২০০৬, বিধিমালা ২০১৬ , গ্রাম আদালতের বিচার্য বিষয় এখতিয়ার, ক্ষমতা,গ্রাম আদালতের সুবিধা ও শক্তিশালী দিক সমূহ নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। এসম আলোচকগণ বলেন, ২০২৪ সালের গ্রাম আদালত আইন সংশোধনী অনুযায়ী ৩০০, ০০০(তিন লক্ষ ) টাকা মূল্যমান পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ এবং স্ত্রীর বকেয়া ভরন পোষনের মামলা গ্রাম আদালতে নিষ্পত্তি করা যায়। পক্ষদ্বয় এ সকল বিষয় না জানার কারণে এখতিয়ার ভুক্ত মামলাগুলো উচ্চ বা জেলা জজ কোর্ট এ দ্বায়ের করে অর্থ ও সময় দুই অপচয় করেন। এসকল মামলা গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত হওয়ার কারণে উচ্চ আদালত হতে ইউনিয়ন এ প্রেরণ করেন। এসকল মামলা আদালতে না নিয়ে কীভাবে ইউনিয়ন পরিষদ স্তরেই সমাধান করা সম্ভব, তা বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান বলেন, “গ্রাম আদালত প্রান্তিক মানুষের জন্য এক যুগান্তকারী আইনি সুবিধা। আইনজীবী ছাড়া মাত্র ১০ বা ২০ টাকা খরচ করে আবেদনকারীর পক্ষে ২জন ও প্রতিবাদীর পক্ষে ২জন মোট ৫ জন প্রতিনিধির সমন্বয়ে গঠিত এই আদালত স্থানীয় ছোটখাটো বিরোধ নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। এর মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষের অর্থ ও সময় বাঁচছে, অন্যদিকে উচ্চ আদালতগুলোর ওপর মামলার চাপ কমছে।”
 তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের গ্রাম আদালত আইন অনুযায়ী এখতিয়ার ও বিচারিক প্রক্রিয়ার বিধান মেনে নিরপেক্ষভাবে সাধারণ মানুষকে সেবা দেওয়ার আহ্বান জানান। রাঙ্গুনিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সালমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব বিউটি রানী গোফ, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মহিউদ্দিন, উপজেলা মেডিকেল অফিসার জনাব ডাঃ পলাশ বনিক, সহ বেসরকারী উন্নয়ন সংস্থা:কালিদাস,এওয়াক, ইপসার,আশা, মমতা,প্রশিকা প্রত্যাশী,উদ্দীপন এর প্রতিনিধি, রাঙ্গুনিয়া সরকারি কলেজের শিক্ষক, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ ইলিয়াছ সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীসহ সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও কর্মশালার উদ্দেশ্য আলোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ম্যানেজার  সাজেদুল আনোয়ার ভূঞা, কর্মশালায় গ্রাম আদালত কার্যক্রম আইন বিধিমালা প্রচার প্রচারণা ও কর্মপরিকল্পনা প্রেজেন্টেশন করেন বাংলাদেশে গ্রাম আদালত ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ ইয়াহিয়া আহম্মেদ ও মোহাম্মদ কবির। কর্মশালা শেষে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সমূহের সমন্বয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়।