ময়মনসিংহ সদরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আরিফ রব্বানী ময়মনসিংহ ;: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের সদর উপজেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সবুজায়নের নতুন অভিযাত্রার সূচনা করেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
সরকার ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহ সদরে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৮০ দিনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলা প্রশাসনের উদ্যোগ সফল করতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, “একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গঠনের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার ও নাগরিককে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানিকতা শেষে উপস্থিত অতিথিরা উপজেলা পরিষদ সংলগ্ন বালুর মাঠে ৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।








