ট্রিপ এশিয়া এক্সপার্টস ট্রাভেল গ্রুপের গ্র্যান্ড মিট-আপ অনুষ্ঠিত
শাহবাজ খান মাশফি, ঢাকা : ভ্রমণপ্রেমীদের অন্যতম জনপ্রিয় ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম Trip Asia Experts এর উদ্যোগে গত ১৩ জুন রাজধানীর মিরপুরের বাফেট লাউঞ্জে এক বর্ণাঢ্য ও আনন্দঘন গ্র্যান্ড মিট-আপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ভ্রমণপিপাসু, পর্যটক ও ট্রাভেল কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রাণবন্ত এ আয়োজনে ভ্রমণবিষয়ক অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১টি দেশ ভ্রমণকারী, ‘পাসপোর্ট গার্ল’ খ্যাত বিশ্বভ্রমণকারী কাজী আসমা আজমেরী। এছাড়াও উপস্থিত ছিলেন সবার পরিচিত মুখ, বিশিষ্ট পাইলট আব্দুল্লাহ আল ফারুক এবং FBCCI-এর সিনিয়র অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল শাহ মো. আব্দুল খালেক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন Trip Asia Experts এর অ্যাডমিন প্যানেলের সদস্যরা। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও সুসংগঠিত ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
এছাড়া দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি অনুষ্ঠানে স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে উপস্থিত ট্রাভেলারদের জন্য আকর্ষণীয় উপহার ও পুরস্কারের ব্যবস্থা করে। এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে ভ্রমণপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় এবং পর্যটন সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন। আয়োজকরা ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।








