ঢাকা | জুন ১৫, ২০২৬ - ১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদ চৌধুরীর জানাযায় হাজারো মানুষের ঢল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 14, 2026 - 5:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার

রাংগুনীয়া প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ চৌধুরীকে শেষ বিদায় জানাতে তার জানাযায় হাজারো মানুষের ঢল নামে।

রবিবার (১৪ জুন) বিকেলে বাদ আছর বেতাগী চাম্পাতলী ঈদগাহ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় রাঙ্গুনিয়া উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে রবিবার দুপুরে মাসুদ চৌধুরীর মরদেহ তার নিজ বাড়ি বেতাগীতে আনা হয়। দুপুর ২টার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহ এলাকায় পৌঁছালে পুরো বেতাগীতে শোকের ছায়া নেমে আসে। মুসলিম, হিন্দু ও বড়ুয়া সম্প্রদায়ের মানুষসহ শত শত নারী-পুরুষ, যুবক ও প্রবীণ তাকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন।

বাড়ির আঙিনায় মরদেহ রাখা হলে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শেষ শ্রদ্ধা জানাতে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসন্তান, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয়রা জানান, মাসুদ চৌধুরী ছিলেন এলাকার একজন জনপ্রিয় ও মানবিক রাজনৈতিক কর্মী। তার মৃত্যুতে বেতাগীবাসী একজন অভিভাবককে হারিয়েছে। অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, “মাসুদ ছিলেন আমাদের আশ্রয়স্থল। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

দীর্ঘ রাজনৈতিক জীবনে মাসুদ চৌধুরী বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তিনি সাবেক ছাত্রনেতা ছিলেন এবং পরবর্তীতে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত শনিবার (১৩ জুন) রাউজান উপজেলার পাহাড়তলী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মাসুদ চৌধুরী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন স্থানীয়রা।