ঢাকা | জুন ২৮, ২০২৬ - ৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আলোচিত চিকিৎসক দম্পতি ডা. সুষমা রেজা ও ডা. কুশালের বিবাহ বিচ্ছেদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 28, 2026 - 1:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

মোঃ নাসির, প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল পরিচিত চিকিৎসক দম্পতি ডা. সুষমা রেজা ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাইদুল আশরাফ কুশালের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। শনিবার (২৭ জুন) নিজের ফেসবুক পোস্টে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুষমা রেজা পারস্পরিক সম্মতির ভিত্তিতে তাদের বিবাহ বিচ্ছেদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অনেক ভেবেচিন্তে, দীর্ঘ আত্মসমালোচনার পর আমরা দুজন পারস্পরিক সম্মতির ভিত্তিতে আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আজ আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্তের কথাই আপনাদের জানাচ্ছি।”

তিনি জানান, দীর্ঘদিন ধরে যারা তাদের ভালোবেসেছেন ও পথচলার সঙ্গী হয়েছেন, তাদের প্রতি সম্মান রেখেই তারা নিজেরাই বিষয়টি প্রকাশ করেছেন। জীবনের নতুন অধ্যায়ে সবার দোয়া ও শুভকামনাও কামনা করেন তিনি।

ডা. সুষমা রেজা উল্লেখ করেন, খুব অল্প বয়সে তাদের একসঙ্গে পথচলা শুরু হয়েছিল এবং প্রায় দুই দশকের এই দীর্ঘ সময়ে তারা একটি পরিবার গড়ে তুলেছেন, সন্তানদের বড় হতে দেখেছেন এবং জীবনের নানা সুখ-দুঃখ, সংগ্রাম ও অর্জনের সাক্ষী হয়েছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের দুজনের জীবন ও সম্পর্কের পরিবর্তন ঘটেছে। সেই বাস্তবতা উপলব্ধি করেই শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াকেই তারা সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ তাদের জীবনের যে মুহূর্তগুলো দেখেছেন, সেগুলো কোনো নিখুঁত সম্পর্কের চিত্র তুলে ধরার উদ্দেশ্যে ছিল না; বরং ছিল তাদের বাস্তব জীবনের আন্তরিক কিছু মুহূর্ত। একই সঙ্গে তিনি অনুরোধ জানান, ব্যক্তিগত এই সিদ্ধান্তকে ঘিরে যেন অনুমান, গুজব বা অযাচিত বিচার-বিশ্লেষণ না করা হয়।

ডা. সুষমা রেজা ও ডা. সাইদুল আশরাফ কুশাল মানসিক স্বাস্থ্য, স্বাস্থ্যকর জীবনযাপন ও সচেতনতামূলক নানা বিষয় নিয়ে নিয়মিত কাজ করার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তারা যৌথভাবে ‘লাইফ স্প্রিং’ প্ল্যাটফর্মের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ব্যক্তিগত জীবনের সংগ্রাম, পারিবারিক বন্ধন ও ইতিবাচক জীবনদর্শন তুলে ধরার কারণে অনেকের কাছেই তারা ‘আইডিয়াল কাপল’ হিসেবে পরিচিত ছিলেন।

তাদের এই বিচ্ছেদের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে নিজেদের বক্তব্যে উভয়েই ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।