সারওয়ার আলমকে ঘিরে দেশজুড়ে আলোচনা, সামাজিক মাধ্যমে প্রশংসার ঢল
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি : সাবেক সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে ঘিরে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দায়িত্ব পালনকালে তাঁর বিভিন্ন প্রশাসনিক উদ্যোগ, কঠোর অবস্থান এবং জনস্বার্থে নেওয়া কার্যকর পদক্ষেপের কারণে তিনি যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি সমালোচনার মুখেও পড়েছেন। সম্প্রতি তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সততা, সাহসিকতা এবং জনকল্যাণে কাজ করার মানসিকতার প্রশংসায় অসংখ্য পোস্ট ও মন্তব্য ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আরও বেশি করে সুযোগ দেওয়া প্রয়োজন।
শুভাকাঙ্ক্ষীরা তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন, যাতে তিনি ভবিষ্যতে আরও শক্তি, প্রজ্ঞা ও সফলতার সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন।
পর্যবেক্ষকদের মতে, একজন সরকারি কর্মকর্তার ভবিষ্যৎ দায়িত্ব ও পদায়ন সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে জনআস্থা, সততা ও কর্মনিষ্ঠাই একজন কর্মকর্তার সবচেয়ে বড় শক্তি—সারওয়ার আলমকে ঘিরে চলমান আলোচনায় সেই বিষয়টিই আবারও সামনে এসেছে।
এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে প্রতিবেদক মো. নাসির বলেন, “কেউ ভাইরাল হওয়ার জন্য কাজ করে, আবার কেউ কাজের মাধ্যমেই ভাইরাল হয়ে যায়—পার্থক্যটা সেখানেই।” তিনি আরও বলেন, ডিসি সারওয়ার আলম সততা, ন্যায়পরায়ণতা ও জনসেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। একজন সৎ কর্মকর্তার সবচেয়ে বড় শক্তি কোনো বিশেষ গোষ্ঠীর প্রশংসা নয়; বরং সাধারণ মানুষের বিশ্বাস, ভালোবাসা ও সম্মান।
তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান এবং নির্বাচনসহ সব প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এমন কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি বলেন, ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান থাকা উচিত, তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে আসা অর্থকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচনা করা সঠিক নয়। জনস্বার্থে পরিচালিত প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা জরুরি।
এছাড়া প্রমাণ ছাড়া বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।








