তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন: ‘সংস্কার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না’
স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোটার:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না। তিনি বলেন, যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে এখন তা থেকে সরে এসেছে, তাদের জবাব দেওয়ার সুযোগ আসছে স্থানীয় সরকার নির্বাচনে।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, যদি এই সরকারকে আমরা সংস্কার করতে না পারি, তাহলে পাথরশ্রমিকদের মজুরি বাড়াতে পারব না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর সংস্কৃতিও বন্ধ করা যাবে না।
এসময় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ প্রমুখ।








