ঢাকা | জুলাই ২৫, ২০২৬ - ৩:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 25, 2026 - 9:15 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

বিশেষ সংবাদদাতা, জেদ্দা (সৌদি আরব): সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অংশগ্রহণের জন্য প্রথমবারের মতো বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সার্বিক সহযোগিতায় এই ঐতিহাসিক অংশগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

এই অর্জন উপলক্ষে জেদ্দার বিলাসবহুল কাসা ডিওরা হোটেলে (Casa Diora Hotel) এক স্পন্সরশিপ সহযোগিতায় প্রবাসে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল)’-এর সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃক মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কমিউনিটি অ্যাফেয়ার্স বিষয়ক সরকারি উপদেষ্টা নশীন আহমেদ । অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রধান উপদেষ্টা এম. ওয়াই. আলাউদ্দিন শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভার গুরুত্ব তুলে ধরেন।

রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য ও মূল্যবান মতামত ব্যক্ত করেন সংগঠনের সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল, উপদেষ্টা বাহার উদ্দিন বকুল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসুদ সেলিম, ভাইস প্রেসিডেন্ট সাজিদুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল হক চৌধুরী । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সদস্য আর নোমান, সাইফুল ইসলাম, আবস রাব্বি, করিম সরকার, আবেদা সুলতানা, ওমর ও সামি নিজ নিজ মতামত তুলে ধরেন।

রেড সি ফেস্টিভ্যালে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’-এর এক্সক্লুসিভ উপদেষ্টা নশীন আহমেদ জানান, “গত ছয় বছর ধরে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হয়ে আসলেও এবারই প্রথম বাংলাদেশ প্রাতিষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। এই মঞ্চের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, খ্যাতিমান শিল্পী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকরা বিশ্বদরবারে নিজেদের পরিচিত করার সুবর্ণ সুযোগ পাবেন।”

তিনি আরও নিশ্চিত করেন, রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়া সকল বাংলাদেশী শিল্পী, নির্মাতা, প্রযোজক ও ক্রু মেম্বারদের জন্য আয়োজকরা সম্পূর্ণ বিনামূল্যে ভিসা প্রদান করবেন।

উল্লেখ্য, নশীন আহমেদ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সৌদি আরবে শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা এবং মিডিয়া খাতে কমিউনিটির উন্নয়নে কাজ করে আসছেন। তিনি সৌদি আরবের ‘জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (GEA)’, ‘জেদ্দা চেম্বার’, ‘শিক্ষা মন্ত্রণালয়’, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ এবং ‘কিডস পিরামিড’-এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করে প্রতিভা বিকাশ, ব্যবসা সম্প্রসারণ ও ইভেন্ট ম্যানেজমেন্টে বিশেষ অবদান রেখেছেন। দাদা-দাদির অভিবাসন জীবনের অভিজ্ঞতা ও সংগ্রাম থেকে অনুপ্রাণিত নশীন আহমেদের মূল লক্ষ্যই হলো— একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা, তাদের ক্ষমতায়ন এবং প্রসার ঘটানো।

চলচ্চিত্র উৎসবের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের বিনোদনের কথা মাথায় রেখে আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হবে বলেও জানান তিনি। এই বৈশ্বিক উদ্যোগকে সফল করতে জেদ্দায় অবস্থিত বাংলাদেশী সাংবাদিক ও প্রবাসী ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন নশীন আহমেদ।