তহবিল সংকটে চট্টগ্রাম ট্রাফিক টিম থেকে ৩৬ শিক্ষার্থীকে অব্যাহতি
আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি :চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তাকারী ৩৬ জন শিক্ষার্থীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গত বৃহস্পতিবার থেকে তারা আর দায়িত্ব পালন করছেন না। অর্থ সংকটের কারণে আপাতত এই কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সিএমপির ট্রাফিক বিভাগ।
জানা গেছে, সিএমপির ট্রাফিক বিভাগের সহায়ক হিসেবে নগরের ১৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব শিক্ষার্থী দায়িত্ব পালন করছিলেন।
সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া বলেন, শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগানো হলেও তাদের সম্মানী, ভাতা ও অন্যান্য আর্থিক বিষয় জড়িত ছিল। অর্থ সংকটের কারণে আপাতত এই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সিএমপির নিজস্ব জনবল দিয়েই ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালিত হবে।
অন্যদিকে, কার্যক্রমটি পুনরায় চালুর দাবিতে সরকারের উচ্চপর্যায়, পুলিশ সদর দপ্তর এবং সিএমপি কমিশনারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ট্রাফিক অ্যাসিস্ট্যান্স গ্রুপ (ট্যাগ)-এর সদস্যরা।
ট্যাগ সদস্যদের পক্ষে ইনচার্জ মো. আজিম উদ্দিন ছিদ্দিকী বলেন, শুরু থেকেই তারা জনস্বার্থে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছেন। শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ নয়, অপরাধী শনাক্ত ও ধরতেও সহযোগিতা করেছেন। অর্থ সংকটের কারণে কার্যক্রম বন্ধ হওয়ায় শুধু সদস্যরাই নন, নগরবাসীও এর প্রভাব অনুভব করবেন বলে তিনি মন্তব্য করেন।








