পঞ্চগড়ে স্প্রে ম্যানদের প্রশিক্ষণ ও চার্জার স্প্রে মেশিন বিতরণ
স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:পঞ্চগড়ে পেশাদার স্প্রেম্যানদের মাঝে বিনামূল্যে চার্জার চালিত স্প্রে মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ এবং কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে স্প্রেম্যানদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (৩ আগস্ট) ইনতেফা কোম্পানির উদ্যোগে সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইনতেফা কোম্পানির রংপুর বিভাগীয় ব্যবস্থাপক আবু তাহের মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল মতিন। তিনি ৩০ জন পেশাদার স্প্রেম্যানের হাতে একটি করে চার্জারচালিত স্প্রে মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেন। পাশাপাশি ১০০ জন কৃষকের মাঝে একটি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুন্নবী এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ খুরশিদা আলম।
অনুষ্ঠানে ইনতেফা কোম্পানির ডেপুটি এরিয়া ম্যানেজার ছানোয়ার হোসাইন ‘বালাইনাশক ব্যবহারে সচেতন হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার ৩০ জন স্প্রেম্যানকে নিরাপদ ও সঠিকভাবে বালাইনাশক স্প্রে ব্যবহারের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন।
এ সময় ইনতেফা কোম্পানির মাঠপর্যায়ের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








