ঢাকা | আগস্ট ৩, ২০২৬ - ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 3, 2026 - 4:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে অবৈধ ও নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের অংশ হিসেবে চলতি বছরের জুলাই মাসে একক মাসের হিসাবে ৪৬ হাজারেরও বেশি ব্যক্তিকে আটক করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)। এ সংখ্যাকে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত সর্বোচ্চ মাসিক অভিযানের একটি হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে পরিচালিত এসব অভিযানে কর্মস্থল, ব্যবসা প্রতিষ্ঠান, আদালত প্রাঙ্গণ এবং ট্রাফিক তল্লাশিসহ বিভিন্ন স্থানে অভিবাসন আইন প্রয়োগকারী কর্মকর্তারা অভিযান চালিয়েছেন। হোয়াইট হাউসের নির্দেশনায় সাম্প্রতিক মাসগুলোতে আইস কর্মকর্তাদের দৈনিক গ্রেপ্তারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করাই এই অভিযানের মূল লক্ষ্য। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এসব পদক্ষেপ দেশের নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

অন্যদিকে, মানবাধিকার সংগঠন ও অভিবাসী অধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ব্যাপক ধরপাকড়ের কারণে বহু পরিবার বিচ্ছিন্ন হচ্ছে এবং অনেক নথিবিহীন অভিবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা মানবিক দৃষ্টিকোণ থেকে অভিবাসন নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, অভিবাসন ইস্যু ২০২৬ সালের যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। ফলে সামনের মাসগুলোতেও আইসের অভিযান এবং অবৈধ অভিবাসনবিরোধী নীতি আরও জোরালোভাবে অব্যাহত থাকতে পারে।