স্তনের ইমপ্লান্ট অপসারণের অস্ত্রোপচারের পর ডোমিনিকান রিপাবলিকে এনওয়াইপিডি পুলিশ কর্মকর্তার মৃত্যু
মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের (NYPD) এক নারী পুলিশ কর্মকর্তা ডোমিনিকান রিপাবলিকে কসমেটিক অস্ত্রোপচারের পর জটিলতায় মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনাটি চিকিৎসায় অবহেলা বা গাফিলতির অভিযোগে তদন্তের দাবি তুলেছে তার পরিবার।
নিহত কর্মকর্তা রেবেকা ডি পলা (৩১) ব্রংক্সের ৪৬তম প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। মাত্র ১৮ মাস আগে তিনি এনওয়াইপিডিতে যোগ দেন এবং চলতি বছরের মার্চ মাসে অসাধারণ কর্মদক্ষতার জন্য ‘অফিসার অব দ্য মান্থ’ নির্বাচিত হন। তিনি তিন সন্তানের জননী ছিলেন এবং স্বামীর সঙ্গে ধর্মীয় সেবামূলক কাজেও যুক্ত ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, ডি পলা ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি ক্লিনিকে স্তনের ইমপ্লান্ট অপসারণের অস্ত্রোপচার করান। অস্ত্রোপচারের পর তার শরীরে গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ দেখা দেয়। অবস্থার দ্রুত অবনতি হলে তিনি মারা যান।
রেবেকার মা জানান, মেয়ের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ার খবর পেয়ে তিনি দ্রুত ক্লিনিকে পৌঁছান। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, তার মেয়ে ইতোমধ্যেই মারা গেছেন। বর্তমানে তার মরদেহ যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতি চলছে।
এনওয়াইপিডি পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্যাট্রিক হেন্ড্রি এক বিবৃতিতে বলেন, “মাত্র ১৮ মাসের কর্মজীবনেই আমরা একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালাম। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানাই।”
পরিবারের দাবি, অস্ত্রোপচারের সময় চিকিৎসায় অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ডোমিনিকান রিপাবলিকের কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে কম খরচে কসমেটিক সার্জারি করাতে গিয়ে অনেকেই বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC)-এর তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে ডোমিনিকান রিপাবলিকে কসমেটিক সার্জারির পর অন্তত ৯৩ জন মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।








