তেল কোম্পানিগুলোর ‘অতিরিক্ত মুনাফা’ নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, দাম কমানোর আহ্বান
মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে পেট্রোলের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় বড় বড় তেল কোম্পানির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩ আগস্ট) হোয়াইট হাউসে বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, এক্সনমোবিল ও শেভরনসহ বড় তেল কোম্পানিগুলো যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে “অতিরিক্ত মুনাফা” করছে। তিনি বলেন, “ওরা অনেক বেশি অর্থ উপার্জন করেছে। সেই লাভের কিছু অংশ জনগণকে ফিরিয়ে দেওয়া উচিত।”
ট্রাম্পের দাবি, ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেলের দাম বেড়েছে, আর সেই সুযোগে তেল কোম্পানিগুলোর আয় রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। তিনি কোম্পানিগুলোকে দ্রুত খুচরা পর্যায়ে পেট্রোলের দাম কমানোর আহ্বান জানান।
প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে এক্সনমোবিল প্রায় ১৪.৫ বিলিয়ন ডলার এবং শেভরন ১২ বিলিয়ন ডলার মুনাফা করেছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে অন্যতম সর্বোচ্চ।
ট্রাম্প আরও বলেন, তার প্রশাসনের জ্বালানি নীতির কারণেই তেল শিল্প শক্তিশালী অবস্থানে রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান সংকট শেষ হলে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এদিকে, তেল কোম্পানিগুলোর পক্ষ থেকে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।








