ঢাকা | আগস্ট ১৮, ২০২৬ - ৩:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 17, 2026 - 11:20 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ। বিষয়টি প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন নিশ্চিত করেছেন।

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের এই আমন্ত্রণ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর কর্মসংস্থান, বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও বাড়ার সুযোগ তৈরি হতে পারে।

সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার ও অর্থনৈতিক অংশীদার। দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন। ফলে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর হলে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার নানা দিক গুরুত্ব পেতে পারে।

সৌদি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তরের মধ্য দিয়ে বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।